মৌলভীবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপসহ মহিষ ডাকাতি এবং জেলার কুলাউড়ায় মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা তাদের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, কুলাউড়া পৌর শাখার সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান খান এবং সদর উপজেলার ৭নম্বর চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদের আসন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় কুলাউড়া পৌর ও কলেজ শাখার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়।
এ ছাড়া গত ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভিসহ ৫ জনকে গ্রেপ্তার করে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ছাত্রদল নেতাদের নাম জড়িত থাকায় এবং গ্রেপ্তারের পর দেশজুড়ে আলোচনা শুরু হলে জেলা ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।













