• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:২৫
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:২৫

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা আমাদের রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম