• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সমন্বয়ক, মরার জন্য প্রস্তুত হ’দেয়ালে লিখে সংগঠককে হুমকি, থানায় জিডি

প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ৪:৩৫
আপডেট: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ৪:৩৫

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

‘সমন্বয়ক,মরার জন্য প্রস্তুত হ।’ এমন কথা লিখে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সংগঠক মোহাইমিনুল ইসলাম শিহাবের বাড়ির দেয়ালে। গত সোমবার রাতে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরশিহারী গ্রামে তাঁর বাড়ির দেয়ালে এটি লেখা হয়।

মোহাইমিনুল ইসলাম শিহাব ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম আব্দুল মোতালিব।

এটিকে হত্যার হুমকি বলছেন মোহাইমিনুল ইসলাম শিহাব। পরে এ ঘটনায় গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শিহাব এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,’ ঠিক আছে আমিও মৃত্যুর জন্য প্রস্তুত। আমাকে দমায় রাখতে পারবেন না। দেশের জন্য ও দেশের মানুষের জন্য জীবন দিতে আমি প্রস্তুত।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন,’৫ অগাস্টের আগে ও পরে জানা মতে ঈশ্বরগঞ্জের কোন আওয়ামীলীগ নেতার কোন রকম ক্ষতি আমি করি নাই। আমার বাসার সামনে লিখে গেলেন__ “সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ”। আরে ভাই আমি তো অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছি মরার জন্য। মানুষ মানেই মরণশীল। মরতে একদিন হবেই, দেশের জন্য না হয় জীবন আরেকবার দিলাম।

এ নিয়ে গতকাল (২১ জানুয়ারি) মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মোহাইমিনুল ইসলাম শিাহব। পুলিশ বলেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, গত বছরের জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলের প্রথম সারিতে থেকে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করেছিলেন শিহাব। যেকারণে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লোপাট করা হয়েছিল।

তিনি বলেন, ‘সোমবার রাত আনুমানিক ১১টার দিকে রাতের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। এ সময় দেয়ালে কোন লেখা ছিল না। পরদিন মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে আমার মা সেলিনা বেগম বাড়ির সামনের দেয়ালে লাল রং দিয়ে__’সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ লেখাটি দেখে ডাক-চিৎকার করতে থাকে। মায়ের চিৎকার শুনে আমি ঘুম থেকে ওঠে এসে লেখাটি দেখতে পাই। অধিকাংশ সময় মা-বাবা ও বোন বাড়িতে একা থাকেন। তাঁদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন বলেন, ‘এ বিষয়ে মোহাইমিনুল ইসলাম শিহাব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান আছে, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, গুরুত্ব বিবেচনায় আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি জানান ওসি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম