• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১২:২৪
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১২:২৪

 

নিউইয়র্ক টাইমস

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)।

 

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার প্রকাশিত এবং রোববার হালনাগাদ করা প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

 

পুলিশের বরাত দিয়ে এনওয়াইটি জানায়, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য রয়েছেন। অন্যজন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিহত এক বাস সহকারী।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকেরা গণপরিবহণ, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে।

 

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি। জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা যান চলাচলে বাধা সৃষ্টি করে, সরকারি সম্পত্তিতে হামলা চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ সময় দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। এনওয়াইটির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে অবরোধ তুলে নেওয়ার আগে টানা ৩৬ ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন করেছে, পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

 

পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের আন্দোলন দমনে পরিচালিত অভিযানের ঘটনায় এই রায় দেওয়া হয়।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ আখ্যা দিয়ে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এনওয়াইটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করেছেন।

চলতি সপ্তাহের শুরুতে তারেক রহমান মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছে। সাম্প্রতিক সহিংসতার পেছনে বিদেশ থেকে ইন্ধন দেওয়ার ইঙ্গিত হিসেবেই তার এই বক্তব্যকে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম