সাভার প্রতিনিধিঃ
ছবিঃ সংগৃহীত
তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যেও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে নিশ্চিন্তপুর এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়।
গত কয়েক দিনের তুলনায় সোমবার (২৩ নভেম্বর) অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরেছেন শ্রমিকরা। তবে কিছু কারখানায় শ্রমিকরা উপস্থিত হয়েও উৎপাদনে অংশ না নেওয়ায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চল পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি পোশাক কারখানা। এ ছাড়া সোমবার সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকার ২১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।
তবে শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতির তুলনায় বন্ধ ও ছুটি দেওয়া কারখানার সংখ্যা কম বলে জানিয়েছে পুলিশ। অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবেই চলছে উৎপাদন কার্যক্রম।
এর মধ্যেই সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। সকাল সোয়া ৯টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় একদল বিক্ষোভকারী সড়কে অবস্থানের চেষ্টা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে আশেপাশের কয়েকটি কারখানাতেও হামলার চেষ্টা চালানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় শিল্পাঞ্চল পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।
শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের একটি কারখানার কয়েকজন শ্রমিক প্রথমে শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা করেন। পরে তারা পাশের একটি কারখানায় হামলার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত।













