• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:৩৬
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:৩৬

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। সোমবার সন্ধ্যায় শহরটির উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলা চালানো হয়।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘গত রাতের হামলায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি।’

শহরের এক বাসিন্দা জানান, স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে বাজারটিতে হামলার ঘটনা ঘটে। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিদেরও যাতায়াত ছিল। বিশেষ করে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা সেখানে আসতেন।

নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে পরিচিত। বাহিনীটি সেখানে নিজস্ব প্রশাসন প্রতিষ্ঠা করেছে, যা খার্তুমভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও দেশটির সামরিক বাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। এ যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে।

আরএসএফের নিয়ন্ত্রণে থাকা নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। সর্বশেষ ড্রোন হামলাটি কারা চালিয়েছে, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম