• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:১২
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:১২

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না - গালিবাফ
 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এ জলপথের নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন।

তিনি জানান, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালি তদারকির বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে।

গালিবাফ বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমা বলে কিছু নেই। এ ক্ষেত্রে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনও প্রযোজ্য নয়। প্রণালিটির দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানের আইন অনুযায়ী এর কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসার আগে সাতটি শর্ত দিয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্তের জবাব পাঠানো হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান।

গালিবাফ বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ও অর্থ ছাড়, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা।

গালিবাফের দাবি, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেও এসব দাবি অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়ার আগে এসব শর্ত বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি পূর্বসম্মত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।’

তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অনাস্থার কথা উল্লেখ করেন তিনি।

গালিবাফের ভাষায়, ‘সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’

এ ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন গালিবাফ। তার দাবি, আবারও হামলা চালালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজয়ের মুখে পড়তে হবে। একই সঙ্গে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের কাছ থেকেও রাজনৈতিক চাপের মুখে পড়বেন তিনি।

গালিবাফ আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মস্কো সফরের সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য তাকে মধ্যস্থতা করতে অনুরোধ করেছিলেন।

ইরান আর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতিতে থাকতে চায় না বলেও জানান তিনি। দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সক্ষমতাসহ দীর্ঘমেয়াদি প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন ইরানের এই শীর্ষ আলোচক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম