শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরার প্রস্তুতি এবং নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের খবর সামনে আসার পর মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর মধ্যেই সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ পাওয়ার সুযোগও শেখ হাসিনা পাবেন না বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটন বা দাখিলের আদেশসহ আপিল বিভাগের কাছে বিচারাধীন যেকোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করার ক্ষমতা রয়েছে আদালতের।
তবে শেখ হাসিনার ক্ষেত্রে এই ধারার প্রয়োগের সুযোগ নেই বলে মনে করেন চিফ প্রসিকিউটর। তার মতে, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়ও পেরিয়ে গেছে। ফলে দেশে ফিরলে তাকে রায় কার্যকরের মুখোমুখি হতে হবে।
তবে এ বিষয়ে চিফ প্রসিকিউটরের আগের বক্তব্যে ভিন্ন ইঙ্গিত পাওয়া যায়। শেখ হাসিনা জুলাইয়ে প্রথমবার দেশে ফেরার কথা বলার পর বিবিসি বাংলাকে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে।
এ প্রসঙ্গে তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদের উদাহরণ দিয়েছিলেন। তিনি জানান, আজাদ নির্ধারিত সময়ের পর আপিল করলেও সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় ‘প্রিন্সিপল অব কমপ্লিট জাস্টিস’ বা সম্পূর্ণ ন্যায়বিচারের নীতিতে আপিল বিভাগ কয়েকজনের আপিল গ্রহণ করেছিলেন।
তবে মঙ্গলবার সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের মুখে চিফ প্রসিকিউটর জানান, আবুল কালাম আজাদের আপিলটি নির্ধারিত সময়ের বাইরে করা হয়েছিল। সেটি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত বলতে চান না তিনি।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ মনে করেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদে আপিল বিভাগের অপরিসীম ক্ষমতা রয়েছে। কোনো আইনে কোনো বিষয় স্পষ্টভাবে উল্লেখ না থাকলে ন্যায়বিচারের স্বার্থে সব আইনের বাইরে গিয়েও আপিল বিভাগ এই ক্ষমতা প্রয়োগ করতে পারে।
সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী রাশিদা চৌধুরী নিলু বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আবার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবেও বিবেচনা করা যায় না। তার মতে, সম্পূর্ণ ন্যায়বিচার ও মানবাধিকার মানুষের মৌলিক অধিকার।
একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ট্রাইব্যুনাল গঠন, বিচারকদের নিয়োগ, সাক্ষ্য-প্রমাণ, জেরা ও যুক্তিতর্কসহ বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথ আইন মেনে হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তবে ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ সরকারপক্ষের নীতিনির্ধারকেরা অস্বীকার করে আসছেন।
এদিকে ভারতে নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে আত্মবিশ্বাসী। তার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী ইতোমধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, মৃত্যুদণ্ডের রায় এবং সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় আপিলের সুযোগ নিয়ে এসব বক্তব্যে নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। যদিও আইনি ও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন।












