• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৫৮
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৫৮

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব
 

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় ধরনের বিপর্যয়ের মুখে নেতৃত্বে পরিবর্তন এনেছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন সামরিক জোটের কমান্ডারকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সেনাপ্রধানকে। সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা থেকে পিছু হটার পর সোমবার (১৬ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) সৌদি বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় ফরমানের মাধ্যমে সামরিক নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এত দিন সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডারের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমান। তাকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে, সৌদি সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যৌথ বাহিনীর কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে।

দুই পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক পরিস্থিতি এবং হুথিদের অগ্রগতির সঙ্গে এই নেতৃত্ব পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধও আবার জোরালো হয়ে ওঠে। এর সুযোগ নিয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে দ্রুত অগ্রসর হতে থাকে।

গত অক্টোবর মাসে পাল্টা অভিযানে কিছু এলাকা পুনর্দখল করেছিল সরকারি বাহিনী। তবে রোববার তারা বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কয়েকটি এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির পরিবর্তে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের প্রতিরক্ষায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

ইয়েমেনের সামরিক সূত্রগুলো জানিয়েছে, হুথি যোদ্ধারা দক্ষিণ উপকূলীয় খোর ওমাইর এলাকায় অগ্রসর হয়েছে। এলাকাটি এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ ছাড়া উপকূলীয় আরেকটি এলাকা কাওয়াহতে সরকারি বাহিনীর অবস্থান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে তারা।

এদিকে, ইয়েমেনের গৃহযুদ্ধে হুথিদের অগ্রগতি এবং সৌদি আরব ও লোহিত সাগরে জাহাজে তাদের হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের অবস্থান আরও শক্তিশালী করেছে। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

এডেনের বাসিন্দারা জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে সরকারি নিরাপত্তা বাহিনী তল্লাশিচৌকি বাড়িয়েছে। যানবাহন ও সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে এডেনই ইয়েমেন সরকারের প্রধান ক্ষমতাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সরকারি কর্মকর্তা আমিন মাহমুদ রয়টার্সকে বলেন, শহরে খাদ্য ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও সরকারি বাহিনীর পিছু হটা এবং এডেনের কাছাকাছি যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মানুষ উদ্বিগ্ন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম