জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আপন দুই ভাগনিকে গলা কেটে হত্যা করেছেন মামা। সোমবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের পশ্চিম কাজির বলসা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটে।
নিহত দুই শিশুর নাম জাকিয়া হাসান সায়মা (৫) ও তৃপ্তিমনি (৪)। ঘটনার পর শিশু দুটির মামা মাহাবুবকে (২০) স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। মাহাবুব ওই এলাকার আব্দুস সালামের (মৃত) ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই শিশুর মধ্যে একজন নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের একমাত্র মেয়ে তৃপ্তি, অপরজন নেত্রকোনার বারহাট্টা উপজেলার জাকিরুল হাসান রাজিবের একমাত্র মেয়ে সায়মা। তারা সম্পর্কে খালাতো বোন। কিছুদিন আগে তাদের মা সালমা এবং হালিমার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।
শিশু সায়মা এবং তৃপ্তি বাড়ির পাশেই খেলছিল। এমন সময় তাদের মামা মাহাবুব দু’জনকে ঘরে ডেকে নিয়ে যান। ঘরে থাকা দা দিয়ে দুই ভাগনির গলা কেটে হত্যা করেন তিনি। এ সময় ঘরের ভেতর থেকে চিৎকারের শব্দ পেয়ে লোকজন এগিয়ে এসে মাহাবুবকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাগনিকে হত্যার কিছুক্ষণ আগে পাশের মাদ্রাসার এক ছাত্রের ঘাড়ে কোদাল দিয়ে আঘাত করে বাড়িতে আসেন মাহাবুব। আহত সেই ছাত্রের নাম তাওহীদ (১৫)। সে ধনিয়াকান্দি গ্রামের কামাল হোসেনের ছেলে। আহত তাওহীদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ‘স্থানীয় এবং পারিবারিকভাবে জানতে পারলাম, ছেলেটার আগে থেকেই মাথায় সমস্যা ছিল। তাই বলে নিজের দুই ভাগনিকে হত্যা করবে! এই বিষয়টা সত্যিই দুঃখজনক।’
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘মাহাবুবকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ওই শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’













