• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

গণতন্ত্র মঞ্চ সরকারকে কঠিন চ্যালেঞ্জে ফেলবে: আ স ম রব

প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২ ৮:১০
আপডেট: বুধবার, ১ জুন, ২০২২ ৮:১০

B9CC7A3D 0366 4BC2 AF02 874690BD2F36

গণতন্ত্র মঞ্চ সরকারকে কঠিন চ্যালেঞ্জে ফেলবে: আ স ম রব

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় সমাজাতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘গণতন্ত্র মঞ্চ’ বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে নিক্ষেপ করবে। গণতন্ত্রহীনতা, অপশাসন, দুর্নীতি এবং বৈধতার সঙ্কটে সরকার আজ বিপর্যস্ত হয়ে খাদের কিনারে টলটলায়মান।

তিনি বলেন, রাতের আঁধারের ভোটকে কেন্দ্র করে সরকার নিজেই নিজের রাজনৈতিক ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে। ফলে রাজনৈতিকভাবে সরকার রাষ্ট্রপরিচালনায় এবং কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়েছে। বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির জরুরি সভায় সভাপতির ভাষণে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

রব বলেন, অক্ষমতাকে ঢাকতেই সরকার রাজনীতিকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। গণতন্ত্র মঞ্চ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে অভিযাত্রা শুরু করেছে এবং গণজাগরণ ও গণঅভ্যুত্থানের সম্ভাবনাকেই অনিবার্য করে তুলবে।
জেএসডি স্থায়ী কমিটির সভা ক্রমবর্ধমান সামাজিক এবং রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে একই সঙ্গে ‘সরকার’ এবং ‘শাসন ব্যবস্থা’ পরিবর্তনের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়- ফ্যাসিবাদ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলনই হচ্ছে একমাত্র বিকল্প।

আ স ম আবদুর রবের উত্তরার বাসভবনে স্থায়ী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ সা কা ম আনিছুর রহমান খান, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

সিলেটের কানাইঘাটে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। বুধবার রাত আটটার দিকে এ মশাল মিছিল করে তারা। মিছিলটি বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে শুরু হয়ে পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সামনে দিয়ে কাকরাইল মোড় ঘুরে বিজয়নগর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি লুটপাটে ব্যস্ত সেখানে আমাদের নেতা-কর্মীরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে,মানবিক কাজ করছে। বিনা ভোটের সরকারের পায়ের নিচের মাটি সরে যাওয়ায় ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় থাকতে চায়। বিরোধী ও ভিন্ন মতের রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলা চালাতে ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়েছে এই অবৈধ সরকার।
তিনি বলেন, পৃথিবীর কোন স্বৈরাশাসকই স্থায়ী হয়নি, এরাও (সরকার) পতনের দ্বারপ্রান্তে এসে গেছে।
সরকারের উদ্দেশ্যে নুর বলেন, সময় থাকতে ভালো হয়ে যান, সহিংস পথ থেকে সহনশীলতার পথে আসেন।
যুগ্ম-আহ্বায়ক রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী মুখে যা বলেন বাস্তবে তার উল্টোটা দেখা যায়। কিছুদিন আগে তিনি বললেন বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেয়া হবে না। অথচ প্রতিনিয়ত ছাত্রলীগ, যুবলীগ ভিন্নমতের উপর হামলা করছে। দেশের সর্বোচ্চ আদালতকেও আজ তারা রক্তাক্ত করেছে।

এসময় গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মালেক ফরাজী, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোল্লা বিন ইয়ামিনসহ ঢাকা মহানগর ছাত্র-যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত’ ঈদ পুনর্মিলনী এবং সমকালীন রাজনৈতিক আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সকল দল মত সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী, ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।

তিনি বলেন,সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশ দলীয় জোট ত্যাগকারী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম মোস্তফা ভুইয়া, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনপিপি চেয়ারম্যান ডঃ ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মোস্তফা হায়দার, আহসান হাবিব লিংকন, জাগপা নেতা রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, সাংবাদিক নেতা ইলিয়াস খান,রুহুল আমীন গাজী, সৈয়দ আবদাল, শহীদুল ইসলাম প্রমুখ অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com