• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ২:২৩
আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ২:২৩

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেন ৪৬ টাকা আর পেট্রল ৪৪ টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। দাম বাড়ানোর এ খবরে রাত ১২টা বাজার আগেই জেলায় জেলায় পেট্রলপাম্প বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা।

সারাদেশের প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট : সিলেটে পাম্পগুলো রাত ১২টা বাজার আগেই বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। সিলেটের চারটি জ্বালানি তেল বিক্রি করা পাম্প ঘুরে দেখা গেছে, আলো নিভিয়ে কর্তৃপক্ষ চলে গেছে। পাম্পগুলোতে কয়েক শ মোটরসাইকেলের লাইন। চারটি পাম্পের একটিতে রয়েছেন পুলিশ সদস্যরা। নগরের মদিনা মার্কেট এলাকার নর্থ ইস্ট অয়েল ফিলিং স্টেশন, জিন্দাবাজার এলাকার জালালাবাদ ট্রেডার্স ও সোবাহানীঘাট এলাকার একটি পাম্পের আলো নেভানো এবং পাম্প বন্ধ অবস্থায় দেখা গেছে।

মোটরসাইকেল আরোহীদের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি করা হয়েছে। হঠাৎই তেলের দাম বাড়ানোর খবরে পাম্পমালিক ও কর্মচারীরা তেল বিক্রি বন্ধ করে দেন। সেই সঙ্গে পাম্পগুলোর আলো নিভিয়ে বন্ধ করে চলে যান। এতে পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে আসা মোটরসাইকেল ও যানবাহনের চালক এবং আরোহীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগ‌রের দুই নম্বর গেটের পলিটেকনিক এলাকার সেনা ফি‌লিং স্টেশনে রা‌ত সা‌ড়ে ১১টার দি‌কে দেখা যায়, কমপক্ষে ২০০ মোটরসাইকেলচালক তেল কেনার অপেক্ষায়। এ ছাড়া ৫০টির মতো ব‌্যক্তিগত গা‌ড়ি ও মাইক্রোবাস অপেক্ষায় রয়েছে।

আরিফুর রহমান নামের এক মোটরসাইকেল চালক ব‌লেন, তে‌লের দাম বাড়ানো খবর শুনে তিনি তেল কিনতে আসেন। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর তেল পান। তার কাছে ২০০ টাকার তেল বিক্রি করেছে। এর বে‌শি বি‌ক্রি করেনি

সাতক্ষীরা : পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ করে দেওয়ায় সাতক্ষীরা শহরের এ বি খান পেট্রলপাম্পের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেলের চালকেরা। রাত সোয়া ১১টার দিকে তাঁরা রাস্তা অবরোধ করলে ১৫ মিনিট পর পুলিশ এসে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

রাজশাহী : রাজশাহীতে পেট্রলপাম্পে তেল দেওয়া বন্ধ করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলচালকেরা।

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় সব ফিলিং স্টেশন শুক্রবার রাত সাড়ে ১০টায় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রাখেন দুই শতাধিক গ্রাহক।

রংপুর : দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোসণা দেওয়ার সঙ্গে সঙ্গেই রংপুরে পেট্রলপাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তেল কিনতে গিয়ে বিপাকে পড়েন গ্রাহকরা। একপর্যায়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পটুয়াখালী : জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পটুয়াখালীর ‘কুয়াকাটা ফিলিং স্টেশনে’ তালা ঝুলিয়ে উধাও হয়েছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো পর্যটক। সেখানে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয় বলেও জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

খুলনা: জ্বালানি তেলের দাম দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই বাড়তি দামে তেল বিক্রি শুরু করেছে খুলনার বেশ কিছু পেট্রলপাম্প। তবে এ বিষয়ে একেবারেই মুখে কুলুপ এটেছেন মালিক ও কর্মচারীরা। সাংবাদিক শুনেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন অন্যদিকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খুলনার পেট্রলপাম্পগুলোতে তেল কেনার হুড়োহুড়ি শুরু হয়েছে। তবে কোনো পাম্পেই আগের দামে তেল পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ জানিয়েছেন গাড়িচালকরা।

ঝিনাইদহ : তেল না পেয়ে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোটরসাইকেলচালকরা। শুক্রবার (৫ আগস্ট) রাতে মহাসড় অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। জ্বালানি তেলে দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই ঝিনাইদহের সবকটি পাম্পে উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। মোটরসাইকেল নিয়ে পাম্পে তেল কিনতে আসেন অনেকে। তবে রাত ১২টার পর বন্ধ হয়ে যায় জেলার অধিকাংশ পাম্প। ফলে তেল কিনতে পারেন না শত শত মোটরসাইকলচালক।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে এটি কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ এবং পেট্রল ১৩০ টাকা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com