• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ইবিতে ছাত্রদল কর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছাত্রলীগ

প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ৭:২১
আপডেট: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ৭:২১

ইবিতে ছাত্রদল কর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছাত্রলীগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তরিকুল ইসলাম সৌরভ নামে এক ছাত্রদল কর্মীকে একা পেয়ে মারধর করেছেন ছাত্রলীগ কর্মীরা।

আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থানা গেইটে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১ টায় ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের থানা গেইটে ভর্তিচ্ছুদের মাঝে ফুল, কলম ও পানি বিতরণ করেন ছাত্রদল নেতাকর্মীরা। একই সময়ে শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করে ছাত্রলীগ। এসময় ছাত্রদলের উপস্থিতি জানতে পেরে তাদের ধাওয়া করেন ছাত্রলীগ কর্মীরা। পরে তরিকুল ইসলাম সৌরভকে একা পেয়ে মারধর করেন তারা। এছাড়াও আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি ছাত্রদল নেতাদের। পরে আহত কর্মীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইবি জিয়া পরিষদ। পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানায় তারা। একইসাথে ঘটনায় জড়িতদের শাস্তি এবং ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থানের জন্য ইবি প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা। এছাড়া এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ন্যাক্কারজনক হামলা চালিয়ে আমাদের কর্মীদের আহত করে। পরে আহতদের হাসপাতালে নিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের জন্য প্রক্টরের কাছে ফোন করেও আমরা তা পাইনি।

দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলায়মান চৌধুরী জানান,”আমরা ইবি থানাগেটে ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে ফুল, কলম, পানি সহ অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করছিলাম, তখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বহিরাগত লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।”

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ছাত্রদলের ক্যাম্পাসে আসার সংবাদ পেয়ে আমাদের কিছু কর্মী ওইদিকে গেলে তাদের কর্মীরা পালিয়ে যায়।

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এসেছিলো এবং তাদের সঙ্গে একটা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে ইবি থানা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলি। আর ছাত্রদল কর্মী আহত হওয়ার বিষয়টি আমি জানি না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com