২০০৩ থেকে ২০০৮ সাল। পাঁচটি বছর তিনি কাটিয়েছেন বার্সেলোনায়। স্ট্রাইকার হিসেবে ১৪৫ ম্যাচে করেছেন ৭০ গোল। বার্সার সঙ্গে তাই সম্পর্কটা বেশ নিবিড় ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহোর। এবার তার ছেলে হোয়াও মেনদেজেও বার্সেলোনার হয়ে খেলতে যাচ্ছেন। এমন খবরই দিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত।
১৭ বছর বয়সী মেনদেজ বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে যোগ দেওয়ার পরই ইএসপিএন জানিয়েছিল, সবকিছু ঠিক থাকলে স্থায়ী চুক্তিতে বার্সেলোনার বয়সভিত্তিক দলে নাম লেখাবেন মেনদেজ। এবার রোনালদিনহোর কথাতেও তা স্পষ্ট হলো। যদিও আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি।
স্প্যানিশ রেডিও আরএসি ১–কে রোনালদিনহো বলেন, ‘বার্সা আমার জীবনের অংশ। আমি কখনোই বার্সায় বাইরের কেউ ছিলাম না। এখন আমার ছেলে বার্সায় আসার পর থেকে বার্সার সঙ্গে আমার সম্পর্কটা আরও দৃঢ় হলো।’ বার্সার হয়ে খেলার সুযোগ পেতে যাচ্ছে কি না আপনার ছেলে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, ও খেলবে।’













