• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলন হলে সরকার টিকবে না : গয়েশ্বর

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১১:৩২
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১১:৩২

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলন হলে সরকার টিকবে না : গয়েশ্বর

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা গেলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার যুবদলের রাজশাহী বিভাগের প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে যুবদল ও বিএনপি কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পরে ইফতার মাহফিলে অংশ নেন নেতারা।

যুবদল নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, আপনাদের কথা ও কাজে যদি মিল থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় শেখ হাসিনার ক্ষমতার হায়াত আর বেশি দিন নেই। স্লোগান ও ভাষণের মধ্য দিয়ে কখনো সরকারের পরিবর্তন করা যায় না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে হয়েছে, ভাষণে হয়নি। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং আহ্বান করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র, মুক্তির চেতনাবোধ থেকে একটি রাষ্ট্র গঠনের ভাবনা এবং সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। যে চেতনাবোধ থেকে স্বাধীনতা, সেই ন্যায়বিচার, সাম্য, সেই গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছি।

তিনি বলেন, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলমান এবং এই আন্দোলনের গতি আরও তীব্র থেকে তীব্র হবে- এই আশঙ্কাবোধ থেকে গতকাল জাতীয় সংসদে আজকের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তা তার ক্ষেত্রে দেওয়াই স্বাভাবিক। তার কাছ থেকে এর চেয়ে বেশিকিছু আশা করা ঠিক না। এ কথা বলা যায়, শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে তিনি আতঙ্কিত, কখন জানি তার পদত্যাগ করতে হয়। তিনি আতঙ্কিত কখন জানি তার ক্ষমতা যায়। অর্থাৎ সে একটা মরণ কামড় দেবে বাঁচার জন্য। সেই মরণ কামড়ের পূর্বাভাস ছিল গতকালের (সোমবার) ভাষণ।

বিএনপির এই নেতা বলেন, আমাদের মনে রাখতে হবে, আন্দোলনের পূর্বশর্ত হচ্ছে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা। আপনারা যারা রাজশাহী বিভাগে আন্দোলন সংগ্রাম করছেন, বিশেষ করে রাজশাহী জেলা ও মহানগরে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দকে বলব, এখনো সময় আছে, আপনারা ঐক্যবদ্ধ হন, নেতাকর্মীরা যাতে বিভ্রান্ত না হয়। নেতাকর্মীরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সফল হতে পারে।

গয়েশ্বর বলেন, অস্বীকার করার কিছু নেই, রাজশাহী মহানগর ও জেলায় আপনাদের নেতৃবৃন্দের দ্বিধাদ্বন্দ্বের কারণে কর্মীরা কখনো হতাশ ও বিভ্রান্ত হয়। সেই কারণে আপনাদের বলব, আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, দলের অভ্যন্তরে আন্দোলনরত অন্যান্য দলের সাথে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে একটা ধাক্কা দিতে হবে; যাতে করে শেখ হাসিনা টিকে থাকতে পারবে না।

অনুষ্ঠানে যুবদলের রাজশাহী বিভাগের সহসভাপতি মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, হারুনুর রশিদ হারুন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাদিম মোস্তফা, মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন, শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, শফিকুল ইসলাম মিল্টন, নুরুল ইসলাম নয়ন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com