জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর শুক্রবার রাতের হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে নতুন কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়াও বিকেল ৩টায় ঢাকায় দলের কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে বিজয়নগর আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে। সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
আহত নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি দলের আহত অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে ঢামেকের জরুরি বিভাগের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।













