শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দেশের প্রতিটি ইউনিয়নে প্রার্থী ঘোষণা দেওয়ার আশ্বাস দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা এটা বিশ্বাস ও স্বীকার করতে চায় না।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা এনসিপির ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য কমিটি গঠন করা জরুরি। এ জন্য আমরা দেশের প্রতিটি জেলায় সফর করছি। প্রতিটি ইউনিয়নে আমাদের সাংগঠনিক কমিটি থাকবে। এবার স্থানীয় নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে এনসিপির প্রার্থী ঘোষণা করতে চাই। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থীকে আমরা সমর্থন দেব। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে গড়ে তোলা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির যে ধাপ, তা সম্পন্ন হবে।
বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। বিরোধী দলকে গ্রহণ করে তাদের কথা বলার সুযোগ দিতে হবে। বিএনপি দেশের মানুষের জন্য কাজ করলে তারা সহযোগিতা করবেন। তবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে জনগণের পক্ষে দাঁড়িয়ে রাজনৈতিক লড়াই করা হবে বলেও জানান তিনি।
১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে। তারা জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ তিনটি সেক্টরকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও এসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তরাও ঋণগ্রস্ত হয়ে ঠিকমতো চলতে পারছেন না। মানুষ ঠিকমতো গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না। পাশাপাশি কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে।
সারজিস আলমের দাবি, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে। তবে তারা বিষয়টি বিশ্বাস ও স্বীকার করতে চাইছে না।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরতে আমরা বিভাগীয় শহরগুলোতে লংমার্চ নিয়ে যাচ্ছি। বিরোধী দল ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা তাদের চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই—তারা প্রতিটি জায়গায় ব্যর্থ হচ্ছে এবং মাঠপর্যায়ে মানুষের কাছে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে।













