চলতি অর্থবছরের আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় শেষ হচ্ছে আজ। বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ করছাড় পাওয়া যাবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন এ সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিয়ম অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর—প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ওপর এ ছাড় পাওয়া যাবে।
উদাহরণ হিসেবে, কারও গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত করযোগ্য আয় ৭ লাখ টাকা হলে প্রথম ৪ লাখ টাকার ওপর কোনো কর দিতে হবে না। বাকি ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে, অর্থাৎ ৩০ হাজার টাকা। তিনি আজ রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ, অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা করছাড় পাবেন। ফলে তাকে দিতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।
তবে সারা বছর সঞ্চয়পত্রের মুনাফা, ব্যাংকের এফডিআর বা বেতন-ভাতার ওপর কেটে রাখা অগ্রিম ও উৎসে করের ক্ষেত্রে এ ছাড় পাওয়া যাবে না। রিটার্ন জমার সময় অগ্রিম বা উৎসে কর বাদ দেওয়ার পর নিট যে কর পরিশোধ করতে হবে, শুধু তার ওপরই করছাড় প্রযোজ্য হবে।
এদিকে, নিয়ম মেনে সারা বছর কর পরিশোধ করা করদাতাদের কেউ কেউ নতুন এ সুবিধাকে বৈষম্যমূলক বলে মনে করছেন।
এনবিআরের নিয়ম অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন জমা দিলে কোনো প্রণোদনা পাওয়া যাবে না। জানুয়ারি থেকে মার্চে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ২ শতাংশ বা সর্বনিম্ন ৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর এপ্রিল থেকে জুনে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ৫ শতাংশ বা সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।













