শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে অভিযান শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। অভিযানে সড়ক ও ফুটপাতে জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়।
কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর সমান গুরুত্ব দিতে হবে। ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন দুই শিফটে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ভোর ৪টা থেকে সকাল ৯টা এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, প্রাক-বর্ষা মৌসুমের জরিপে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
অভিযানে ডিএসসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।













