শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ শিশুর শরীরে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২৮ শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এ সময়ে ১ হাজার ১৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৭ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০১ শিশুর। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ১ হাজার ১০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৫২০ জনের। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন।













