শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।Time & Calendars
উচ্ছেদ অভিযানে পুলিশের সহায়তা নেওয়ার বিষয়ে আগে থেকে কোনো গোয়েন্দা তথ্য ছিল কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রাথমিকভাবে তিনি যতটুকু জানতে পেরেছেন, তার ভিত্তিতেই তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবং সিটি করপোরেশন বা রাজউকের কর্মকর্তারা পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি বলে তিনি জানতে পেরেছেন। সেখানে সমন্বয়ের ঘাটতি ছিল বলে তার কাছে মনে হয়েছে।
এর আগে, সকাল ১০টার দিকে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি। একপর্যায়ে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া ঘটনার সংবাদ সংগ্রহের সময় হকারদের হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।












