• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শেখ হাসিনাকে আসামি হয়েই দেশে ফিরতে হবে : চসিক মেয়র

প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:০০
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:০০

96665852
 

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনাকে আসামি হিসেবেই দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, শেখ হাসিনা লক্ষ্মণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের এতিম করে দিয়েছেন। এখন তিনি ফিরে আসবেন—এমন বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (২ অক্টোবর) নগরের বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে চকবাজার ও বৃহত্তর বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে হবে।

তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিকভাবে পরাজিত শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অংশ হিসেবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে।

মেয়র বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। এখন এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের বদনাম হয়। দলে নতুন করে যারা হাইব্রিড হিসেবে যোগ দিচ্ছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে তারা কোনো অপকর্ম করতে না পারেন।

আবু সুফিয়ান বলেন, যারা দেশ থেকে পালিয়ে গেছেন, তারা আবার ফিরে আসতে চাইছেন। কীসের আশায় তারা ফিরতে চাইছেন, তা জানা নেই। তবে তারা যে অপরাধ, জুলুম ও নির্যাতন চালিয়েছেন এবং মানুষের রক্ত ঝরিয়েছেন, তার হিসাব এ দেশের মানুষ নেবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্গঠনের কোনো চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া স্বৈরশাসক আর বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করার সুযোগ পাবেন না।

তিনি আরও বলেন, বিএনপি সংসদের ভেতরে ও বাইরে জনগণের কথা বলছে। চাঁদাবাজি, ব্যাংক দখলসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে তারা সতর্ক রয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজুর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বাকলিয়া এক্সেস রোড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চন্দনপুরা, গনি বেকারি ও জামাল খান মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম