• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমি আওয়ামী লীগার না’বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৪:১৯
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৪:১৯

আমি আওয়ামী লীগার না’বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
‘আমি আওয়ামী লীগার না’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বিমানবন্দর থানার মামলায় তাকে আদালত চত্বরে প্রিজনভ্যান থেকে নামার সময় তিনি ঘটনাটি ঘটান। এ সময় জামায়াতের এই নেতা নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।

আদালতে নেওয়ার সময় তিনি আরও বলেন, আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশকে শাসাতেও তাকে দেখা যায়। এক সময় তিনি হেলমেট ছুড়ে ফেলে দেন।

জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামান আরও বলেন, জুলুম, নির্যাতন করে আমাদেরকে থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।

তিনি আরও বলেন, ভাইয়েরা, জনগণের অধিকার সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব ইনশাআল্লাহ।

গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব হয়। ওই ফ্লাইটে ছিলেন আখতারুজ্জামান। ঢাকায় বিমানবন্দরে নেমে তিনি ওই ঘটনা নিয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে ‘বাজে’ আচরণ শুরু করেন। তিনি বিমানমন্ত্রীর নাম ধরেও আপত্তিকর মন্তব্য করেন। তার উচ্চবাচ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জামায়াত নেতা আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, ‘ঘাড় ধরে বের করে দিব, ঘাড় ধরে বের করে দিব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মার খাইতে চান?’ তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

ওই ভিডিও ছড়িয়ে পড়লে বিমানবন্দরের মতো এলাকায় দায়িত্বশীল ব্যক্তির এমন অশোভন আচরণ নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজীব বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানিয়েছেন, বিমানবন্দর থানার মামলার আসামি আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মামলার বিবরণে আরও বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তখন দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার মোহাম্মদ কামাল উদ্দিন বিমানবন্দরের কেপিআই এলাকায় ভিডিও ধারণ না করতে সংশ্লিষ্টদের নিষেধ করেন। তখন আখতারুজ্জামান অতর্কিতে ওয়ারেন্ট অফিসার কামাল উদ্দিনের কাছে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন।

এদিকে বৃহস্পতিবার ওমরাহ যাত্রীদের জমজমের পানি দিতে দেরি হওয়ার ঘটনায় ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ওই দিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাত্রীদের জমজমের পানি সরবরাহে অনাকাঙ্ক্ষিত সাময়িক বিলম্বের ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। কনটেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছতে বিলম্ব ঘটেছিল।

তবে ঘটনাটি নজরে আসামাত্র ওমরাহ হাজিদের সাময়িক দুর্ভোগ নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে এবং পরে অপর কনটেইনারটি দ্রুত শনাক্ত করে সরবরাহ নিশ্চিত করা হয়।

মেজর (অব.) আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com