ধামরাই ( ঢাকা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। তবে জাহিদুল ইসলাম নামে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় একেএইচ কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই পক্ষের হামলায় আহতরা হলেন-বাবুল মিয়া, জাহিদুল ইসলাম বাবু, খলিল, শরিফুল ইসলাম, নাজিরসহ প্রায় ১০জন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এদের মধ্যে জাহিদুল ইসলাম বাবুর অবস্থা আশঙ্কাজনক বলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে এই ঘটনায় বালিথা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের কাছে থেকে জানা যায়, ধামরাই উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলামের সঙ্গে ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার সাথে বিরোধ চলছে। শহিদুল তার লোকজন নিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় মিছিল করে একেএইচ কারখানার সামনে বক্তব্য দেওয়ার সময় সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার গ্রুপের লোকজনের উপর অতর্কিত হামলা করে চেয়ারম্যানের মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবুসহ ৫ জনকে পিটিয়ে আহত করেন। পরে খবর পেয়ে বিএনপির সূতিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরীফের উপর হামলা করে আহত করেন চেয়ারম্যানের লোকজন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। এ ঘটনায় ঔই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ পন্থী এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সংসদ সদস্য তমিজ উদ্দিনের সমর্থক।
এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, সূতিপাড়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে জানতে পেরেছি। এতে কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।













