শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাসখন্দের দোস্তলিক স্টেডিয়াম ট্রেনিং পিচে স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে পূর্ণিমা মারমার চিপ থেকে বল পেয়ে আলমিনা কাছ থেকে ট্যাপ-ইনে গোল করেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বাংলাদেশ। ১৭ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে উজবেকিস্তানকে সমতায় ফেরান ফারানগিজ লাকায়েভা।
শেষ পর্যন্ত ম্যাচের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর জয়সূচক গোল পায় বাংলাদেশ। বদলি খেলোয়াড় রুনা আক্তার প্রতিপক্ষের রক্ষণ ভেঙে পাওয়া থ্রু-পাস ধরে উজবেকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দেন।
গ্রুপ ‘এইচ’-এ বাংলাদেশের পরবর্তী ও শেষ ম্যাচ ফিলিপাইনের বিপক্ষে, আগামী রবিবার। পরের পর্বে জায়গা করে নিতে ওই ম্যাচেও জয় প্রয়োজন বাংলাদেশের। কারণ, নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৪-০ গোলে হারানো ফিলিপাইন গোল ব্যবধানে এগিয়ে আছে।
এই বাছাই পর্বের আটটি গ্রুপ থেকে একটি করে দল চূড়ান্ত পর্বে উঠবে। গত আসরের সেরা চার দল খেলবে সরাসরি। আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে ১২ দলের চূড়ান্ত পর্ব।













