আন্তর্জাতিক ডেস্ক
ছবি:সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান পদে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে চীন। চলতি বছর যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার পর এ পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাটিতে বেইজিংয়ের প্রভাব আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রার্থীর নাম ঘোষণা করে দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, বেইজিং মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ সং লিকে ডব্লিউএইচও’র শীর্ষ পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
তিনি বলেন, এই মনোনয়ন ‘বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি চীনের দৃঢ় সমর্থনের প্রমাণ। এটি ‘সমগ্র মানবজাতির স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে সংস্থাটিকে আরও সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে।’
বর্তমান মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিসুসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রয়েছেন সং লি। টেড্রোসের মেয়াদ ২০২৭ সালের আগস্টে শেষ হবে। দুই মেয়াদের সীমা থাকায় টেড্রোস আর প্রার্থী হতে পারবেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সং লি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের নারী ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান। তার কর্মজীবন ২১ বছরের।
নারী ও শিশুদের স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন আইন প্রণয়নের কাজে তিনি অংশ নিয়েছেন বা নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে প্রসবপূর্ব রোগ নির্ণয় এবং সহায়ক প্রজনন প্রযুক্তি-সংক্রান্ত আইনও রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও থেকে প্রত্যাহার করে নেন। এর পর সংস্থাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে বেইজিংয়ের জন্য এই মনোনয়ন একটি সুযোগ তৈরি করেছে। সূত্র: এএফপি













