বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
ছোট পর্দার পরিচিত মুখ ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রায়ই নিজের মন্তব্য ও ফেসবুক পোস্ট দিয়ে খবরের শিরোনামে থাকেন। তবে এবার নিজের জীবনসঙ্গীর প্রাতিষ্ঠানিক সাফল্য ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। সহধর্মিণী নুসরাত অনন্যার স্নাতকোত্তর পাসের খবর দিতে গিয়ে করা একটি পোস্টের ভাষা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।
অনেকেই কথা তোলেন, স্ত্রীর এমন অর্জনে শুভকামনা জানানোর আড়ালে তার শিক্ষা ও যোগ্যতাকে ছোট করার চেষ্টা করেছেন জয়। সমালোচনা বাড়তেই পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেতা।
ঘটনার সূত্রপাত স্ত্রী নুসরাত অনন্যার মাস্টার্স ডিগ্রি অর্জনের খবর প্রকাশের পর। সেই পোস্টে জয় লিখেছিলেন, ‘আমার স্ত্রীকে অভিনন্দন। সে আজ মাস্টার্স ডিগ্রী অর্জন করেছে। বাকি জীবনে আমার দেখার খুব শখ এই ডিগ্রি দিয়ে সে আসলে কত রোজগার করতে পারে। যে ডিগ্রির সাথে রোজগারের সম্পর্ক নাই সেই ডিগ্রি আসলে কতটা গুরুত্বপূর্ণ?’

অভিনেতার এমন কথায় নেটিজেনরা পাল্টা প্রশ্নে করেন, শিক্ষার একমাত্র উদ্দেশ্য কি শুধু টাকা ইনকাম করা? এমনকি নিজের স্ত্রীর অর্জনকে এভাবে খোঁচা দিয়ে কথা বলার মানসিকতা নিয়েও অনেকে কড়া সমালোচনা করেন।
সমালোচনার এই ঝড়ের পর বৃহস্পতিবার বিকেলে সামাজিক মাধ্যমে দেওয়া একটি দীর্ঘ পোস্টে বিষয়টির ব্যাখ্যা তুলে ধরেন জয়। জানান, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে পরম যত্নে সামলে নিজের দায়িত্ব ও পরিবারের অনুপ্রেরণায় মাস্টার্স সম্পন্ন করেছেন তার স্ত্রী, যা সত্যিই অসাধারণ কৃতিত্বের। স্ত্রীর ইচ্ছা পূরণ করতেই এই অর্জনের খবর ফেসবুকে দেন তিনি, তবে সোজা হিসাব না লিখে সেখানে কিছুটা কৌতুক ও ‘রস’ যোগ করতে চেয়েছিলেন।
নেটিজেনদের খোঁচা দিয়ে জয় লেখেন, ‘আপনারা আমার রসটা এত বেশি খেয়েছেন যে আপনাদের প্রায় ডায়াবেটিস হয়ে গেছে। আর এদিকে আপনাদের রস খাইয়ে আমি এবং আমার স্ত্রী দুজনে কিন্তু স্বাস্থ্য সচেতন সুগার ফ্রি চা খাচ্ছি। ডোন্ট মাইন্ড।’
১৮ বছরের বৈবাহিক জীবনের গভীর বোঝাপড়ার কথা স্মরণ করিয়ে জয় আরও বলেন, বাইরে থেকে সকলে তাকে যেভাবে দেখে, তার স্ত্রীর চোখে তিনি ঠিক তার উল্টো। সাধারণের প্রশংসার চেয়ে নিজের মা ও স্ত্রীর সন্তুষ্টিকেই পরম গুরুত্ব দেন তিনি। সমালোচকদের উদ্দেশ্যে খানিকটা ব্যাঙ্গাত্মক সুরেই অভিনেতা জানান, বিতর্ক তৈরির মাধ্যমে মূলত তার স্ত্রীর অর্জনের খবরটি দারুণভাবে বিনা খরচে প্রচার পেয়ে গেছে, যার জন্য নেটিজেনদের ধন্যবাদ জানান জয়।













