শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজশাহী শহরের উন্নয়নের পেছনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টা ও অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহীর সিটি হাট মোড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীর উন্নয়নে অনেক বড় ভূমিকা রেখেছেন, যা রাজশাহীবাসী কখনোই ভুলতে পারবেনা। এ শহরের উন্নয়নের পেছনে তার জোরালো ভূমিকা সারাজীবনের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ২০০৫ সালে তার ছেলে, আমাদের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। কিন্ত দুর্ভাগ্যের বিষয়, পরবর্তী ফ্যাসিস্ট সরকার- যারা অন্যদের সম্মান করতে জানে না, তারা এটিকে আড়াল করে রেখেছিল। বর্তমান সরকারের উদ্যোগে তা আবার পুনঃস্থাপিত হচ্ছে।
এ সময় সরকারের গৃহীত নানা কর্মপরিকল্পনার আওতায় ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন উন্নয়ন করা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা অল্প সময়ের মধ্যে পুনঃনির্মাণ করা হবে এবং এটি হবে বিশ্বমানের রাস্তা।
তিনি বলেন, রাজশাহী দক্ষিণ-পূর্ব এশিয়ার সব থেকে সুন্দর নগর। এটি পরিচ্ছন্ন, ক্লিন, গ্রিন ও নিরাপদ। এই নগর শিক্ষা ও স্বাস্থ্যকর নগরী হিসেবে পরিচিতি পেয়েছে। রাজশাহীর সুনাম ও অর্জনগুলোকে অক্ষুণ্ণ রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ আরও অনেকে।
এতে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়াস্থ চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির আওতায় স্থাপিত ভিত্তিপ্রস্তর ফলকগুলো ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় ও সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে অবস্থিত ছিল।
একইদিনে গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূর করতে নর্দমা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান।
উপরোক্ত দুইটি প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছিলেন তৎকালীন রাসিক মেয়র ও বর্তমান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এর আগে, ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক উপড়ে ফেলা হয়। দীর্ঘদিন পর গতকাল ফলকগুলো পুনঃস্থাপনের মাধ্যমে প্রকল্পগুলোর ঐতিহাসিক স্মৃতি পুনরুদ্ধার করা হলো।













