এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারের কাছে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩০টি ওয়েস্টেজ ঝুট কাপড়ের গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রাত দুইটায় জেলা কারাগারের পিছনে বিলাশনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোডাউনের মালিক ইমরান হোসেন জহির, সোহেল ও শ্রমিকরা বলেন, রাতে হঠাৎ কোন একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত্র ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অধিকাংশ গোডাউনে বিশ লাখ টাকার বেশি ঝুটের কাপড় রয়েছে। ৩০টি গোডাউনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
আনোয়ার হোসেন জানান, ঋণ নিয়ে একটি গোডাউন ভাড়া নিয়েছে। এ গোডাউনে প্রায় ১০ লাখ টাকার মত থান কাপড় ছিল। এছাড়া গোডাউনের ক্যাশ বাক্সে ৪০/৫০ হাজার টাকা ও ৩ বছরের হিসেবের খাতা ও মাল ক্রয়ের চালান ছিল। মুহুর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবুমার্কেট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।













