শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর পান্থকুঞ্জ পার্ক এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সোনারগাঁও ইএন-২ র্যাম্পের নির্মাণকাজ আগামী ডিসেম্বরের সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। একই সময়ের মধ্যে এই র্যাম্পটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করারও নির্দেশ দিয়েছে বিবিএ।
ডিসেম্বরের মধ্যে এই র্যাম্পে ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) ব্যবস্থা চালু করার পাশাপাশি ওই এলাকার পানি-বিদ্যুৎ-গ্যাস পরিসঞ্চালন লাইন স্থানান্তর করতেও তাগাদা দেওয়া হয়েছে। এই কাজগুলো যেন নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা যায় সেজন্য প্রয়োজনীয় অর্থসংস্থান নিয়েও ভাবতে হচ্ছে প্রকল্প কর্তৃপক্ষকে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে (সিসিবি) অনুষ্ঠিত মাসিক অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে এই সভায় সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) প্রতিনিধি এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। এরপর প্রকল্পের সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম ও নানা সমস্যা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মাহমুদুর রহমান।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মগবাজার-মালিবাগ-কমলাপুর-যাত্রাবাড়ি অংশের কাজ চলমান থাকায় সেসব এলাকায় পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ নিয়ে এলাকাবাসীও ক্ষোভ জানাচ্ছে।
এই প্রকল্পের ইউটিলিটি প্রতিস্থাপন ও অপসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক লে. কর্নেল শেখ আহমেদ শাফি জানান, ডিপিডিসি, ঢাকা ওয়াসা ও বিটিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। ২৪ ইসিবি ব্যয় সাশ্রয় করে এই কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে।
তবে এ কাজ নিয়ে যেসব বিষয় এখনও নিষ্পন্ন হয়নি সেগুলো আগামী এক সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দেন সেতু সচিব। তিনি প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনেরও পরামর্শ দেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের তাগাদা দিয়েছেন।












