রাষ্ট্র পরিচালনার প্রকৃত মহত্ত্ব কেবল ক্ষমতার অধিকার প্রতিষ্ঠায় নয় বরং ক্ষমতাকে জনকল্যাণের অনুষঙ্গে পরিণত করার মধ্যেই নিহিত। সততা, ন্যায়নিষ্ঠা, শৃঙ্খলা ও জবাবদিহির সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আরও সুসংহত হয়। স্থায়ী ভিত্তি লাভ করে জনগণের বিশ্বাসও। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে এমন জনকল্যাণমুখী রাষ্ট্রচিন্তা, নৈতিক নেতৃত্ব এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। চাঁদাবাজি, দখলদারি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তাঁর অনমনীয় অবস্থান প্রমাণ করেছে, দলীয় পরিচয় কোনো ব্যক্তির অনৈতিক সুবিধা আদায়ের অবলম্বন হতে পারে না। রাজনৈতিক পদমর্যাদা যত উচ্চই হোক, আইনের শাসন ও নৈতিক দায়বদ্ধতার ঊর্ধ্বে কারও অবস্থান গ্রহণযোগ্য নয়—এমন একটি সুস্পষ্ট নীতিগত অবস্থান তিনি সামনে নিয়ে এসেছেন।
সম্প্রতি জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় শৃঙ্খলা, নেতৃত্বের নৈতিকতা এবং জনস্বার্থের প্রতি অঙ্গীকারকে একই সূত্রে গেঁথেছেন। তিনি এই সভায় সভাপতিত্ব করেন। রাজনীতির টেবিলে বিশেষভাবে আলোচিত হচ্ছে তাঁর এই গুরুত্বপূর্ণ বক্তব্য। তাঁর এই অবস্থানের অন্তর্নিহিত দর্শন হলো—ক্ষমতা কোনো ব্যক্তিগত অর্জনের চূড়ান্ত স্বীকৃতি নয়। এটি জনগণের কল্যাণে আত্মনিয়োগের এক গুরুদায়িত্ব। ন্যায়বোধ, সংযম, স্বচ্ছতা ও জনকল্যাণের প্রতিফলনের মাধ্যমেই রাষ্ট্রীয় নেতৃত্ব বা সাংগঠনিক পদ মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর এই নেতৃত্বদর্শন রাজনৈতিক নেতৃত্বকে ব্যক্তিকেন্দ্রিক প্রভাবের গণ্ডি অতিক্রম করে বৃহত্তর জনস্বার্থ, নাগরিক অধিকার এবং রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের পথে পরিচালিত করার ইতিবাচক দিকনির্দেশনা দিয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এই সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রাজনীতিতে নৈতিক দৃঢ়তার প্রকৃত পরিচয় পাওয়া যায় নীতির প্রশ্নে অবিচল থাকা এবং সেই নীতির বাস্তব প্রয়োগে ধারাবাহিকতা বজায় রাখার মধ্য দিয়ে। চাঁদাবাজি, দখলদারি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থান দলীয় শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাজনৈতিক কর্তৃত্বের যথার্থ সীমারেখাও নির্ধারণ করেছে। দলের পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার প্রবণতা প্রতিহত করা সম্ভব হলে সংগঠনের প্রতি মানুষের আস্থা যেমন সংরক্ষিত হয়, তেমনি রাজনীতির নৈতিক ভিত্তিও সুদৃঢ় হয়। যা একই সঙ্গে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
একজন জনপ্রতিনিধি যখন কোন নাগরিকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন, সমস্যা সমাধানে উদ্যোগী হন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকতা প্রদর্শন করেন, তখন রাজনৈতিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে আস্থার বন্ধন আরও গভীর হয়। এ ক্ষেত্রে দলের সাংগঠনিক শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলটির নেতাকর্মীদের শ্রম, ত্যাগ ও অবদান সংগঠনের ভিত্তি নির্মাণে প্রভাবকের ভূমিকা রেখেছে। সংসদ সদস্য ও মন্ত্রীরা রাষ্ট্রীয় দায়িত্বের বৃহত্তর পরিসরে কাজ করলেও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, স্থানীয় অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন এবং সাংগঠনিক সহযোদ্ধাদের অবদানের স্বীকৃতি তাঁদের নেতৃত্বকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তুলতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা এই সাংগঠনিক সংযোগকে জনসেবার বৃহত্তর কর্মপরিকল্পনার সঙ্গে সমন্বিত করার সম্ভাবনা তৈরি করেছে।
বিএনপি চেয়ারম্যানের ভাষ্যে নাগরিক অধিকার সুরক্ষা, আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে দায়িত্বশীল আচরণের যে অঙ্গীকার প্রতিফলিত হয়েছে, তা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁরা জোর দিয়ে বলছেন, ‘এই অঙ্গীকারের সফল বাস্তবায়ন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক গুণগত রূপান্তর ঘটাবে। এর ফলে দলীয় শৃঙ্খলা আনুষ্ঠানিক নির্দেশনার গণ্ডি ছাপিয়ে দায়িত্বশীলতার একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিণত হবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে—রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো ক্ষমতার সংযত প্রয়োগ, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনস্বার্থের প্রতি অবিচল অঙ্গীকার। একটি কর্মমুখী রাজনৈতিক পরিবেশ গড়ে উঠলে নেতৃত্বের সঙ্গে জনগণের সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হবে। একই সঙ্গে রাজনৈতিক সংগঠনের অভ্যন্তরে দায়িত্বশীল প্রতিযোগিতা, নৈতিক আচরণ এবং জনকল্যাণে অবদান রাখার প্রবণতাও উৎসাহিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভাবনায় রাজনৈতিক ক্ষমতাকে ব্যক্তিগত প্রভাবের পরিবর্তে জনসেবার কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার প্রত্যাশাকে করেছে উচ্চকিত।
আক্ষরিক অর্থেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে জনমুখী করতে হলে দায়িত্বশীল নেতৃত্ব, কার্যকর জবাবদিহি এবং জনপ্রত্যাশার প্রতি সংবেদনশীলতার কোনো বিকল্প নেই। নেতৃত্বের স্থায়ী গৌরব শুধু রাষ্ট্রীয় ক্ষমতা বা দলীয় পদের ওপর নির্ভর করে না। বরং অর্জিত হয় মানুষের বিশ্বাস, ন্যায়পরায়ণতা এবং জনকল্যাণমুখী কাজের মাধ্যমে। একজন রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাজনৈতিক দর্শনের সবচেয়ে বড় শক্তির জায়গা যেন এটাই, যেখানে তিনি বিশ্বাস করেন—ক্ষমতার মর্যাদা আসুক দায়িত্বশীল আচরণে আর রাজনীতির সৌন্দর্য বিকশিত হোক নৈতিকতায়। মানুষের কল্যাণে অর্জিত অবিচল জনআস্থা হয়ে উঠুক নেতৃত্বের আসল পরিচয়।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সন্ধানী বার্তা; অ্যাকটিং এডিটর, কালের আলো.কম।
[email protected]
(মতামত লেখকের নিজস্ব)













