• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:০৯
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:০৯

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসী মাসুম মোল্লার কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি সাদা প্রাইভেট কারে এসে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
মাসুম মোল্লার শ্বশুর বরকত উল্লাহ জানান, তাঁর বাড়ি হোড়গাঁও এলাকায়। জমি রেজিস্ট্রি করার জন্য তিনি রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুলতায় ঢাকা ব্যাংকের শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো তাঁর মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন।
বরকত উল্লাহর কাছ থেকে টাকা বুঝে নিয়ে মাসুম মোল্লা নিজের মোটরসাইকেলে একটি ব্যাগে ২৬ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি করাটিয়ার উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কারে আসা তিন থেকে চারজনের একটি দল তাঁর পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাঁকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মাসুম মোল্লা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে জানান তাঁর শ্বশুর বরকত উল্লাহ।
তিনি আরও জানান, জমি রেজিস্ট্রি করার জন্যই ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করেছিলেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ.আইচ. এম সালাউদ্দিন জনান, এ ব্যাপারে মামলা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম