• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দুই মাসে বদলে গেছে আমিনবাজার, পরিবর্তন ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১:৩১
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১:৩১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যে কোনো এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এ উদ্যোগের বড় প্রমাণ। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ সহযোগিতা করলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলোও ধীরে ধীরে সমাধান করা সম্ভব।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, ‘প্রায় দুই মাস আগে আমিনবাজার এলাকার যে অবস্থা ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে এলাকাটি যেমন দৃষ্টিনন্দন হয়েছে, তেমনি আশপাশের মানুষের জন্য অপেক্ষাকৃত সুন্দর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ’

এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের উদ্যোগে এলাকার পরিবেশ ও সৌন্দর্যের উন্নয়ন হয়েছে।

এখন তা ধরে রাখার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরও নিতে হবে। সবাই সহযোগিতা করলে আমিনবাজারকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে। এ সময় ঢাকা জেলা প্রশাসককে আমিনবাজারের আশপাশে ঢাকা জেলার আওতাধীন এলাকায় সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে বলেন প্রধানমন্ত্রী।

মহাসড়কের দুই পাশে থাকা মিল ও কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট কিছু জায়গার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের দেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ‘আমরা বাংলাদেশ বা নেপাল নই, ভারতে সরকার বদলাবে গণতান্ত্রিকভাবে’
এছাড়া যেসব স্থানে এখনো ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেসব জায়গার উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিকল্পিতভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমিনবাজার ও এর আশপাশের এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে পরিবেশদূষণ কমিয়ে স্থানীয় মানুষের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। ’

এ কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রতিও আহ্বান জানান তারেক রহমান। জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

 

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যেন নির্মল পরিবেশে বুকভরে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ’

ঢাকা জেলা প্রশাসক আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্য জেলার প্রশাসকেরাও নিজ নিজ এলাকার অনুরূপ স্থানগুলো পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম