শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক নারী হ্যান্ডবলে নেপালের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক অতীত সুখকর ছিল না। সর্বশেষ দুই সাক্ষাতেই তাদের কাছে হেরেছিল বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। আজকের ম্যাচে তাই নেপাল নারী দলকেই ফেবারিট ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু এবার ফল হলো ঠিক উল্টো।
পুরোনো হারের প্রতিশোধ নিয়ে এবার দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩–২০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
স্প্যানিশ কোচ আনা আলোনসোর অধীনে এটিই ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিবা জান্নাত সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বেশ চাপে পড়ে স্বাগতিকরা।
তবে বিরতিতে যাওয়ার আগেই ১৩–৯ গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
দলের এই দাপুটে জয়ের মূল কাণ্ডারি ছিলেন আলপনা আক্তার। ৭টি দারুণ গোল করে ম্যাচসেরা হন তিনি।
আরও পড়ুন: পূর্বধলায় ফাঁকা গুলি ছুড়ল চেয়ারম্যান প্রার্থী, এলাকায় আতঙ্ক
এছাড়া মিষ্টি খাতুন ও শ্যামলী মিং ৬টি করে এবং অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি গোল করেন। সায়মা জান্নাত সীমা করেছেন ৪টি গোল। এ ছাড়া মাসুদা আক্তার ২ গোল এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেন ১টি করে গোল।
ম্যাচ শেষে পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার আনন্দও ধরা পড়ল আলপনার কথায়। তিনি বলেন, ‘২০১৯ এসএ গেমসে আমরা নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা মনের মধ্যে ছিল। আজ জিততে পেরে ভালো লাগছে। সাকিবা লাল কার্ড দেখার পর সবাই একটু হতাশ হয়ে পড়েছিল, কিন্তু আমরা মনোবল হারাইনি। ’
সিঙ্গেল লিগ পদ্ধতির চার দলের এই টুর্নামেন্টে বড় ব্যবধানের জয়টি বাংলাদেশকে ফাইনালের পথে মানসিকভাবে অনেকটা এগিয়ে রাখবে। তবে বাংলাদেশের সামনে এখন কঠিন পরীক্ষা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা। ভারত ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী বাংলাদেশ।













