সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৫টায় টিএসসিতে “৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বরের পর থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হবে।
বক্তারা বলেন, বর্তমানে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি চলছে এবং শিগগিরই সারা দেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সবার সঙ্গে আলোচনা করে এসব কর্মসূচির সময়সূচি নির্ধারণ করা হবে। ৭ সেপ্টেম্বর একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, এবং এর মধ্যে দাবি না মানা হলে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।
তাদের মতে, এই আন্দোলন যৌক্তিক ও প্রাসঙ্গিক। তাই দ্রুত প্রজ্ঞাপন জারি করে এই দাবি মেনে নেওয়া উচিত। তারা হুঁশিয়ারি দেন, যৌক্তিক দাবি মানা না হলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়বে। অতীতে বৈষম্যের কারণে সরকার উৎখাত হয়েছে, তাই এমন আন্দোলন দ্রুত বাস্তবায়ন জরুরি।
বক্তারা আরও বলেন, “২০১২ সাল থেকে এই আন্দোলন চলছে এবং ইতিমধ্যেই ১২ বছর অতিক্রম করেছে। বিশ্বের ১৬২টি দেশে এই দাবি বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রচেষ্টা চলছে, কিন্তু আমাদের দাবি পূরণ না হলে তা সম্ভব হবে না। আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি এবং আশা করি, তিনি ও সরকার আমাদের দাবি মেনে নেবেন এবং আমাদের পড়ার টেবিলে ফিরিয়ে আনবেন।”












