• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

উত্তরায় দুই ছাত্র হত্যার ঘটনায় আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৯:২৫
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৯:২৫

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর ) রাতে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন – শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আল মামুন মিয়া, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মোতালিব এবং আওয়ামী লীগের তিন কর্মী সাব্বির, মারুফ ও ইব্রাহীম।

বুধবার (২ অক্টোবর) বিকেলে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ আগস্ট বিকেলে উত্তরা পশ্চিম থানার জসিমউদ্দিন রোডের আরকে টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার বিজয় উল্লাস চলছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে শিক্ষার্থী ওমর নুরুল আবছার গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওমর নুরুল আবছারের মায়ের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় গত ৩১ আগস্ট একটি মামলা হয়। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত দুই আওয়ামী লীগ নেতা আল মামুন মিয়া ও মো. আব্দুল মোতালিবকে শনাক্ত করার পর মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, অন্যদিকে গত ৫ আগস্ট উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণিতে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হন। পরে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সানজিদের বাবা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৯ সেপ্টেম্বর একটি মামলা করেন। এ মামলায় আওয়ামী লীগের তিন কর্মীকে গতকাল গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম