সিলেট প্রতিনিধি
সিলেট জেলার জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে জমির আহমদ (২৫)।
বুধবার (৬ নভেম্বর) বিকাল চারটার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হওয়ার পর জমির আহমদকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরও জানান নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছিঠা গুলির চিহ্ন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, দীর্ঘদিন হতে জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ থেকে ১২৯৪ পিলার পর্যন্ত এলাকা দিয়ে দিন-রাত ভারতীয় পণ্য-সামগ্রী আনতে বাংলাদেশি যুবকরা অনুপ্রবেশ করছে। সেক্ষেত্রে ভারতীয় খাসিয়াদের পান-সুপারি জুম নষ্ট করায় খাসিয়ারা অনুপ্রবেশকারীদের তাড়া করে।
সীমান্তে পণ্য আনতে গিয়ে জুমের ক্ষতিসাধনের কারণে খাসিয়ারা গুলি চালিয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
তারা আরও বলেন, ইতিমধ্যে কয়েক দফা সীমান্তে খাসিয়ারা তাড়া করেছে। তবে প্রমাণস্বরূপ জৈন্তাপুর বাজারে ভারতীয় গরু মহিষের বিষয়টি উপস্থাপন করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।












