জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি তার একান্ত সহকারী তাওহিদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্যার দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু আগে হাসপাতালেই মারা গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে উনাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা।












