জনতার আওয়াজ ডেস্ক
পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে তা তুলে দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন দরকার হয়। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকে হয়তো আগেও করেছে (যাচাইয়ের) কারণটা কী। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর নাকি ডাকাত- সেটা ভিন্নভাবে পুলিশ আমাকে ভিন্নভাবে বিচার করবে।’
রবিবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ইউনূস। তিনি বলেন, “আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না; সে কথাটা গ্রামেগঞ্জে গিয়েছিল।”
“কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন, সেটা কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন- সেটাও কোনো পুলিশ ভেকেশনের জন্য অপেক্ষা করতে হয়নি; নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। এখানে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না।”
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার।
এবারও জেলা প্রশাসক সম্মেলনের মূল আয়োজন হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভায় যোগ দেবেন, আর রাতে নৈশভোজে অংশ নেবেন।












