• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সীমান্তে হত্যা নিয়ে বিজিবির কড়া প্রতিবাদ, বিএসএফের আশ্বাস

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:১০
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:১০

সীমান্তে হত্যা নিয়ে বিজিবির কড়া প্রতিবাদ, বিএসএফের আশ্বাস

জনতার আওয়াজ ডেস্ক
পঞ্চগড়ে সীমান্তে হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো লাইনে এ বৈঠক হয়। বৈঠকে সীমান্তহত্যা নিয়ে কড়া প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বিজিবি। অন্যদিকে সীমান্তে হত্যা বন্ধে সতর্ক থাকার আশ্বাস দিয়েছে বিএসএফ।

বৈঠকে বিজিবির পক্ষে ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী ও বিএসএফের পক্ষে ভারতের শিলিগুড়ি সেক্টরের কমান্ডার পিকে সিং নেতৃত্ব দেন। এসময় উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, ৮ মার্চ শনিবার ভিতরগড় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আল আমিন (৩৭) নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে সীমান্তে বিএসএফ মারণাস্ত্রের ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সতর্ক থাকবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বিএসএফ। এছাড়া ভারতে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আল আমিনের মরদেহ হস্তান্তরে করবে বলে জানিয়েছে বিএসএফ।

তিনি জানান, বিএসএফকে বলা হয়েছে, সীমান্তে কেউ আটক হলে তার সঙ্গে মারণাস্ত্রের ব্যবহার না করে অন্য কিছুর ব্যবহার করা যেতো। সেইসঙ্গে বিজিবিকে জানালে বিজিবি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতো।

গত শনিবার (৮ মার্চ) নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আইনি জটিলতায় তিনদিনেও মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।