জনতার আওয়াজ ডেস্ক
অবিলম্বে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত ও লুটেরাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নেওয়ার দাবি জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের (ভাসানী জনশক্তি পার্টি) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে এ দাবি জানান তিনি।
‘এস আলম, সামিট গ্রুপসহ ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরা ও অর্থ পাচারকারীদের অবৈধ সম্পদ এবং পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রের মালিকানায় নেওয়ার’ দাবিতে বেলা ১১টায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সদস্য সচিব হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তৃতায় শেখ রফিকুল ইসলাম বাবলু দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেন, দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও ব্যাভিচার ক্রমাগত বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের আলমাস বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করলেও জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি। দেশে আইনের শাসনের পরিবর্তে প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে। এরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন- ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, মো. আরিফুর রহমান, কেন্দ্রীয় সদস্য চাষী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মোশাররফ হোসেন, যুব পরিষদের সভাপতি অ্যাডভোকেট আলামিন, নারীনেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।












