জনতার আওয়াজ ডেস্ক
পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে ফেরত দেয়া হয়েছে দুই ভারতীয়কে।
শুক্রবার (২ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় আট থেকে দশজন বাংলাদেশী নাগরিক নিজ জমিতে কাজ করছিলেন।
কাজ করার একপর্যায়ে তাদের ধাওয়া করে দু’জনকে বিএসএফ সদস্যরা আটক করে। পরে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় কাজ করার সময় দু’জন ভারতীয় নাগরিককে ধরে বিজিবি টহল দলের কাছে হস্তান্তর করে।
পরে শুক্রবার ৬টা ৪০ মিনিটে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বিএসএফ যে দু’জন বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল, তারা হলেন- দিনাজপুর বিরল উপজেলার কাঠালিয়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মো: এনামুল হক (৫৫) ও তার ছেলে মো: মাসুদ রানা (২৬)।
আর এর জেরে স্থানীয়রা আটকে রেখেছিল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রামের সুরেন টুডুর ছেলে অবিনাশ টুডু (২২) ও একই গ্রামের নুরদুছ সরেনের ছেলে ফিলিপ সরেনকে (৩৩)।












