• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইশরাকের বিরুদ্ধে ‘ক্রিমিনাল অফেন্সের’ অভিযোগ আসিফ মাহমুদের

প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৯:১১
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৯:১১

96666896

ইশরাকের বিরুদ্ধে ‘ক্রিমিনাল অফেন্সের’ অভিযোগ আসিফ মাহমুদের

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ‘ক্রিমিনাল অফেন্স’ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন উপদেষ্টা আসিফ।

নাগরিক সেবাদানে বাধা দেওয়ার অভিযোগ এনে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেনের। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবাদান করা শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘উনি (ইশরাক হোসেন) অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি। ইশরাক হোসেন নেতাকর্মীদেরকে নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন, অফিস দখল করেছেন।’

তবে ‘নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আসিফ মাহমুদ।

এদিকে দুদিন ধরে দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন ইশরাক হোসেন। সিটি করপোরেশনের যেসব সভায় তিনি অংশ নিচ্ছেন সেগুলোর ব্যানারে তাকে ‘মাননীয় মেয়র’ হিসেবে সম্বোধন করা হচ্ছে। এসব সভা আবার সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনের ভেতরে অবস্থিত মিলনায়তনেই অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আইনানুযায়ী শপথ না নিয়ে এই বিএনপি নেতা মেয়রের এমন সব দায়িত্ব পালন করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন—বিএনপি নেতা ইশরাক হোসেন যেভাবে শপথ ছাড়াই নগর ভবনে মেয়রের ভূমিকায় বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিচ্ছেন আইনগতভাবে তা তিনি পারেন না।

সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেন, ‘এরকম পরিস্থিতি চলতে থাকলে সিটি করপোরেশনের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ইশরাক হোসেনের মধ্যে আইনগতভাবে সমঝোতা করতে হবে বলে মন্তব্য করেন সাবেক এই সচিব।

উল্লেখ্য, মেয়র হিসেবে এখন পর্যন্ত শপথ নিতে না পারলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ওই সভার ব্যানারে লেখা ছিল ‘পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।’

সিটি করপোরেশনের প্রায় ৭০ জন পরিচ্ছন্নতা পরিদর্শক এই সভায় অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন বিএনপি–সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির সাবেক কয়েকজন কাউন্সিলর। নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে প্রায় দুই ঘণ্টা এই সভা চলে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com