• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়তে যাচ্ছেন জাকির জেসি

প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১২:০৫
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১২:০৫

বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়তে যাচ্ছেন জাকির জেসি

স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়তে যাচ্ছেন জাকির জেসি। তিনি দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আইসিসি থেকে সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন জেসি।

জেসি জানান, আইসিসির খবর পাওয়ার সময় তিনি সৌদি আরবের মক্কায় ছিলেন। দেশে ফিরে সংবাদটি পেয়ে অনেকটা আবেগে ভেসেছেন। এক ক্রীড়া ওয়েবসাইটকে তিনি বলেন,

দেশের এক ক্রীড়া ওয়েবসাইটকে বাংলাদেশের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘আমি মক্কায় ছিলাম যখন আইসিসি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছি। সংবাদটা পেয়ে অনেক কেঁদেছি আগে।’
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন এমন আশা করেছিলেন জেসি। সেবার না পেলেও এবার পেয়ে দারুণ খুশি তিনি।

বাংলাদেশি আম্পায়ার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। এটার জন্য এত দিন অপেক্ষা করছিলাম বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ এলো অবশেষে। টি-টোয়েন্টিতে আশা করেছিলাম সেখানে হয়নি, আল্লাহ বড়টা (ওয়ানডে বিশ্বকাপ) লিখে রেখেছেন। এটা হয়েছে আলহামদুলিল্লাহ।

জেসি নারী-পুরুষ উভয় মিলিয়ে বাংলাদেশের দ্বিতীয় আম্পায়ার হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। প্রথম এই কীর্তি গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, যিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক করেছিলেন। জেসির অভিষেক কোথায় হবে ভারত না শ্রীলঙ্কা তা সময় হলে জানা যাবে।

আগামী ওয়ানডে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট শুরু হবে ৩০ সেপ্টেম্বর। জাতীয় দলের খেলোয়াড় নিগার সুলতানা, জ্যোতি ও ফারজানা হক পিংকির অংশগ্রহণের সময় ভিন্ন ভূমিকায় দেখা যাবে জেসিকে। বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর।

জেসি জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি ক্যারিয়ার সীমিত হলেও আম্পায়ারিং অভিজ্ঞতা দীর্ঘ। সীমিত সংস্করণে বহু ম্যাচ পরিচালনার পাশাপাশি যুব পর্যায়ের বিশ্বকাপে এবং গত বছরের নারী এশিয়া কাপ ও এ বছরের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন তিনি।