• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগে শিক্ষার্থীদের ১১ দফা দাবি

প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৪:২৮
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৪:২৮

রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগে শিক্ষার্থীদের ১১ দফা দাবি

রাবি প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকার কর্তৃক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে তার সর্বোচ্চ শাস্তিসহ ১১ দফা দাবি উত্থাপন করেন একই বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এসব দাবি জানান।

দাবিগুলো হলো — ভুক্তভোগীর সার্বিক নিরাপত্তা, গোপনীয়তার সাথে বিষয়টি পরিচালনা ও সংরক্ষণ করা, নির্যাতনকারী যেন প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পালিয়ে বা শাস্তি এড়িয়ে না যেতে পারে সেজন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, নির্যাতনকারীকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে বিভাগ থেকে স্থায়ী বহিষ্কারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নির্যাতনকারী সহ যে সকল শিক্ষকের অতীত আচরণ দেখে দোষী প্রমাণিত হবে তাদের শাস্তির আওতায় আনতে হবে, প্রতিটি বিভাগের যৌন নিপীড়ক সেলের কার্যকারিতা বৃদ্ধি করতে হবে, এমন ন্যক্কারজনক ঘটনা এড়াতে শিক্ষক নিয়োগের সময় প্রার্থীর অতীত রেকর্ড যাচাই এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও লিখিত অঙ্গিকারনামা বাধ্যতামূলক করা, ভুক্তভোগীর চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যসেবাসহ সার্বিক খরচ প্রশাসনকে বহন করতে হবে, কোন নারী শিক্ষার্থীকে চেম্বারে ডাকা যাবে না, যদি চেম্বারে নারী শিক্ষার্থীকে ডাকতেই হয় তাহলে দরজা খোলা রাখতে হবে, শিক্ষকদের চেম্বার সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা, প্রতিটি বিভাগে স্বাধীন মনিটরিং সেল গঠন করতে হবে।

মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিসা নেহা বলেন, “আমাদের বিভাগে একজন শিক্ষকের দ্বারা এমন যৌন হয়রানি কোনোভাবেই কাম্য নয়। শিক্ষক আমাদের পিতৃতুল্য, আমরা তাদের উপর ভরসা করে এখানে পড়তে আসি। একজন শিক্ষকই যদি এমন আচরণ করে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?”

তিনি আরও বলেন, “আমরা শুধু ঘটনার শিরোনাম দেখি, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখি না। আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই যেন এইরকম ঘটনা আর না ঘটে।”

স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন বলেন, “আমি সেই একাডেমিক কাউন্সিলকে ঘৃণা করি যারা একজন নিপীড়ক শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। সেই সিন্ডিকেটকে প্রত্যাখ্যান করছি যারা একজন যৌন নিপীড়ককে ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে না। আমরা চাই আইনগতভাবে এটার সুষ্ঠু বিচার হোক। আইনগতভাবে কোনো কিছু না হলে আমরা বাধ্য হবো আইন ভাঙতে। আমরা যখন রাজপথে নেমেছি, তখন কোনো সুষ্ঠু বিচার ছাড়া ঘরে ফিরে যাবো না।”

উল্লেখ্য, গত বুধবার (১৩ আগস্ট) ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com