• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনগণের সমস্যাকে নিজের মনে করেই সমাধান করব : আমিনুল

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১:২৩
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১:২৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে শেখ হাসিনা সরকারের দুঃশাসনের সময়ে জনগণের পাশে কেউ দাঁড়ায়নি। অবৈধ সংসদ সদস্যরাও কখনো জনগণের সঙ্গে মতবিনিময় করেননি। অথচ আমি কোনো ক্ষমতায় নেই, শুধু এলাকার সন্তান, রাজনৈতিক কর্মী ও জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। তাৎক্ষণিক যেসব সমস্যা সমাধান সম্ভব আমি করব, আর যা সম্ভব নয়, আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সমাধান করা হবে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মিরপুরের বাউনিয়াবাঁধ ডি-ব্লক ৫নং ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

জনগণের পাশে থাকার অঙ্গীকার করে আমিনুল হক বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই ও বন্ধু। আপনাদের সমস্যাকে নিজের সমস্যা ভেবেই সমাধানের চেষ্টা করব। নির্বাচনের পর বিএনপি বিজয়ী হলে মসজিদ, ঈদগাহ, খেলার মাঠ, পানি, ড্রেনেজ, গ্যাসসহ প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের ঈদগাহ মাঠ ও মসজিদগুলো সংস্কার করতে হবে। ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এগোলে এসব কাজ সহজেই সম্ভব।

যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক বলেন, জনগণের সমস্যা সমাধানে যদি কোনো নেতা বা কর্মী এগিয়ে না আসে, তবে সরাসরি আমাকে জানান। যে নেতা জনগণের সমস্যাকে গুরুত্ব দেয় না তার কোনো মূল্য নেই। আমি দায়িত্ব দেব সেই নেতাকে, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করবে।

এসময় তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং দেশের শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের গুরুত্বও তুলে ধরেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম