• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জালিমের বিরুদ্ধে বিদ্রোহের প্রেরণা যুগিয়েছেন কাজী নজরুল ইসলাম: তারেক রহমান

প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১:১৬
আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১:১৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

পোস্টে তারেক রহমান লেখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। তার রুহের মাগফিরাত কামনা করি।

তিনি আরও লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ থেকে ৪৯ বছর আগে তার জীবনাবসান হয়। তিনি বিংশ শতাব্দির বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। শৈশব থেকে কঠিন জীবনসংগ্রাম করে বড় হয়েছেন। যে কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তার সহজাত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন। তার রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য-সংস্কৃতির ভান্ডারকে করেছে সমৃদ্ধ। তার কবিতা, গান আজও মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয়। তার আপসহীন সংগ্রাম তাকে বিদ্রোহী কবির খ্যাতি এনে দিয়েছে।

তারেক রহমান আরও লেখেন, কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান স্বাধীনতা যুদ্ধ, ‘৯০ এর গণআন্দোলন ও ‘২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তার কবিতা ও গান এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে, উজ্জীবিত করেছে। যুগ যুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদীপ্ত করবে তার সাহিত্যকর্ম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তার রচনা আমাদের উদ্বুদ্ধ করে। তার সাহিত্যকর্ম আমাদের চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম