জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব ।
শুক্রবার (২৯ আগষ্ট) রাজধানীর ইস্কাটনে ৩৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ স্বাধীনের পরে আজও দেশের গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলছে। অবিলম্বে ‘৭১-এর কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
নীরব বলেন, পতিত ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর সেজন্য আগামী জাতীয় নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য।
ছাত্র-জনতা তথা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, বাক স্বাধীনতা ফিরে পাবে; কিন্তু আমরা আজ তার উল্টাটা দেখছি, বিভিন্ন সময় বিভিন্ন রূপে। ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে দেশকে অস্থিতিশিল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, জাতির জন্য মঙ্গল।
তিনি আরও বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক এবং এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।
তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই- যেখানে নাগরিক হিসেবে সবাই আত্মমর্যাদা নিয়ে বসবাস করবে। সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন এখন আমাদের প্রধান অগ্রাধিকার। অধিকার ও মর্যাদার বাংলাদেশ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সংগ্রাম করে আসছি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করতে হবে।
নেতাকর্মীদের সতর্ক করে সাইফুল আলম নীরব বলেন, বলেন, আমরা ১৬ বছর ধরে রাজপথে লড়াই করেছি গণতন্ত্র ফিরিয়ে আনতে, শহীদের রক্ত ঝরেছে প্রতিটি রাজপথে। এখন যদি আমরা স্বৈরাচারের মতো ভুল করি, তবে জনগণ আমাদের ধিক্কার দেবে। তাই কোনো অবস্থাতেই সেই ভুল করা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মনিরুল আলম রাহিমী, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম সহ ৩৫ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

