• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৫
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা জানান, দুর্গাপূজা একটি ধর্মীয় ও পবিত্র উৎসব। তাই এই সময় সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। তিনি বলেন, এবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার সেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে, যারা পূজা চলাকালে বিভিন্ন মণ্ডপে সহায়তা করবেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙার কিছু ঘটনা ঘটেছে। তবে এবছর এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, যেসব এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেসব স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছে।

বৈঠকে মাদক পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন রুট দিয়ে দেশে মাদক প্রবেশ করছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনা উপকূলীয় নৌরুট দিয়েও চোরাচালান হচ্ছে। এর বিপরীতে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে সীমান্তের ওপারে।

তিনি আরও জানান, আরাকান আর্মি মূলত মাদকের উপর নির্ভরশীল হয়ে টিকে আছে। বর্তমানে দেশে প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ছে, যার ফলে মাদকের দাম বেড়ে গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকের সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, আলু চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে তারা আলু চাষে আগ্রহ হারাতে পারেন। এর ফলে বাজারে আলুর দাম বাড়তে পারে।

তিনি বলেন, পূজাকে ঘিরে যেকোনো ধরণের উস্কানি বা সহিংসতা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম