• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফ্যাসিবাদের কোন অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: রিপন

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৬
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৬

ফ্যাসিবাদের কোন অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: রিপন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আমাদের পরিষ্কার কথা ফ্যাসিবাদের কোন অংশ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে তাদের ঘরকে বাংলাদেশের মানুষ টয়লেট বানিয়ে দেবে। নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে, আওয়ামী লীগ মনে করছে কোনভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া যায়, তাহলে ড. ইউনুস রাগে দুঃখের ক্ষমতা ছেড়ে চলে যাবে। নতুন কোন সরকার ক্ষমতায় বসবে, তারা সকল দলের অংশগ্রহণে নির্বাচন প্রদান করবে। তা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমাদের পরিষ্কার কথা ফ্যাসিবাদের কোন অংশ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পিআর বাংলাদেশের সংবিধানে নেই, বাংলাদেশের নির্বাচনে নেই। যারা সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে, আমেরিকায় পিআর পদ্ধতি নেই। ভারতের ষড়যন্ত্রকে রুখে দিয়ে সঠিক সময়ে নির্বাচন প্রদান করতে হবে।

বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ৫ আগস্টের পর আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা স্বৈরাচার আওয়ামী লীগকে বলে দিতে চাই, দেশের মানুষ এখন সজাগ, আপনাদের বিগত দিনের কুকৃর্তি এখনো জনগণ ভুলে যায়নি। আপনারা দেশটাকে লুটপাটের রাজত্ব করে দেশটাকে ৫০ বছর পিছিয়ে দিয়েছেন। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান একটি রোডম্যাপ দিয়ে জানিয়েছেন, আগামী দিনে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আজ জামায়াত ইসলামী মেতে গেছে পিআর নিয়ে। দল পিআর পদ্ধতি সামনে নিয়ে আসছে। পাকিস্তান, ভারতে তাদের কোন ভোট নেই। তাই তারা মনে করছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের অনেক ভোট রয়েছে, সেই কারণে তারা পিআর পদ্ধতি নিয়ে আসছে। তারা পিআর পদ্ধতির মাধ্যমে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেন, জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিগত সরকার সারাদেশব্যাপী অন্যায় অত্যাচার করেছে এবং সারা দেশটাকে অকার্য রাষ্ট্র হিসেবে উপরে তুলেছিল। তাই আজ আমাদের কথা পরিষ্কার, যারা অন্যায় অত্যাচার করেছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং আমরা বিএনপির পক্ষ থেকে সামনের সব ধরনের ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করব। আগামী দিনে কৃষক, শ্রমিক, জনতাকে সঙ্গে নিয়ে এই দেশকে আমরা গড়ে তুলব।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নুর আফরোজ জ্যোতিসহ প্রমুখ।